
নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণ নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সারা দেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের চলমান কার্যক্রম আপাতত স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিষয়ে সব ধরনের প্রক্রিয়া বন্ধ রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য এর অনুলিপি পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সীমানা সংক্রান্ত জটিলতা এড়াতে এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সব দপ্তরকে এই আদেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।