
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে জাতীয় গ্রিডে আকস্মিক বিপর্যয়ের ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানী ঢাকার বেশ কিছু এলাকা এবং চট্টগ্রামের একাংশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশান, রামপুরা, উলন, মতিঝিল, সিদ্ধিরগঞ্জ, হরিপুর ও ভুলতা।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, জাতীয় গ্রিডের সিস্টেম স্বাভাবিক করার জন্য উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রকৌশলীরা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য প্রান্তে বিদ্যুৎ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে গ্রিডে এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ কী এবং ঠিক কত সময়ের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।