
বাংলাদেশ থেকে প্রতি বছর এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপানের সম্মতি দেওয়ার খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে পুরোপুরি নাকচ করেছে টোকিও।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্পষ্ট করে জানান, জাপান সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং দাবিটি একেবারেই সত্য নয়।
গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ টেনে কিতামুরা তোশিহিরো জানান, ওই আলোচনায় কর্মী নিয়োগ সংক্রান্ত এমন কোনো বিষয়ে আলোচনাই হয়নি। সঠিক ও বিস্তারিত তথ্যের জন্য তিনি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দ্বিপক্ষীয় বৈঠকের পূর্ণাঙ্গ বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন।