
ইতালির অন্যতম ব্যস্ত নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে রানওয়ে সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই পুরো এক মাস বিমানবন্দরটি থেকে কোনো নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালিত হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, ক্যাপোডিকিনো বিমানবন্দরের রানওয়ে সংস্কার বাবদ প্রায় ৩ কোটি ইউরো ব্যয় করা হচ্ছে। এটি মূলত বিমানবন্দরের সামগ্রিক অবকাঠামো উন্নয়নের ২৫ কোটি ইউরোর একটি বিশাল প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংস্কারকাজ শেষ করে বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের ৩১ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, নেপলস ক্যাপোডিকিনো বিমানবন্দরের রানওয়ে সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি ইউরো। নিরাপত্তাব্যবস্থা আধুনিক করা এবং ভবিষ্যতে আরও বেশি যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এতে তুলনামূলকভাবে কম যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড বজায় রেখে এই সংস্কার সম্পন্ন করা হবে। সাধারণত বছরের এই সময়ে যাত্রী সংখ্যা কম থাকে, তাই কাজের জন্য নভেম্বর মাসটিকে বেছে নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে। উল্লেখ্য, নেপলস বিমানবন্দর ইতালির রোম ও মিলানের পরেই অন্যতম প্রধান বিমান যোগাযোগকেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে প্রতিবছর প্রায় ১ কোটি ৩০ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। ২০৩৫ সাল নাগাদ বার্ষিক যাত্রী সক্ষমতা ১ কোটি ৭৩ লাখ পর্যন্ত উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। রোম ও মিলানের পর দেশের ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে এর অবস্থান উল্লেখযোগ্য।
এই সংস্কারের কারণে রায়ানএয়ার, ইজিজেট ও উইজ এয়ারের মতো সংস্থাগুলোর নিয়মিত ফ্লাইটসূচিতে বড় পরিবর্তন এসেছে। লন্ডন, ম্যানচেস্টার ও এডিনবরাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের নতুন সময়সূচি সম্পর্কে নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে যাত্রীদের সালেরনো পন্তেকানিয়ানো বিমানবন্দর ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। সেখান থেকে নেপলসে পৌঁছাতে শাটল বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২ ইউরো, আর ট্রেনে নেপলস সেন্ট্রাল স্টেশনে যেতে খরচ হবে প্রায় পাঁচ পাউন্ড।
জিইএসএসি কর্তৃপক্ষ জানিয়েছে, ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সালেরনো বিমানবন্দর থেকে আমস্টারডাম, বার্সেলোনা, দুবাই, মাদ্রিদ ও প্যারিসসহ ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের সুবিধার্থে পিয়াজা গারিবালদি থেকে সালেরনো বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাস সার্ভিসও চালু রাখা হয়েছে। তবে সব ফ্লাইট সালেরনোতে স্থানান্তরিত হয়নি। তাই যাত্রার আগে ফ্লাইটের সঠিক সময়, বিমানবন্দর পরিবর্তন এবং যাতায়াতের মাধ্যম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।