
ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে গোপনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্প্রতি দেশটিতে চালানো একাধিক সীমিত সামরিক অভিযানের অংশ হিসেবেই এই হামলা করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক সপ্তাহে ইরানে ওয়াশিংটন ধারাবাহিক ও গোপনে এই সীমিত অভিযানগুলো পরিচালনা করেছে। এই কার্যক্রমের সমান্তরালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার বিষয়টিও সামনে আনছিলেন।
মঙ্গলবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
স্থানীয় সূত্রের তথ্যমতে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ শহরে এসব বিস্ফোরণ ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, বন্দর লেঙ্গেহ শহরের উপকূলীয় এলাকায় সাগরের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এই বিস্ফোরণগুলোর ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত বলে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করলেও, এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য না করে প্রশ্নটি সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে পাঠিয়ে দেয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলায় প্রশাসন নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
নির্বাচন পরবর্তী সময়ে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নাকচ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পরপরই কেশম দ্বীপে এই হামলার খবর প্রকাশ্যে এল। উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এপ্রিল মাসে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের কারণে সেই চুক্তির বাস্তবায়ন এখন পর্যন্ত থমকে আছে।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, তৃতীয় কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান এখনো চলমান রয়েছে। কাতারের মধ্যস্থতায় এই যোগাযোগ প্রক্রিয়া আরও সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বর্তমানে দোহা সফর করছেন।