
ইরানের সঙ্গে সামরিক সংঘাত অব্যাহত রাখা না কি কূটনৈতিক পথে সমাধান—এই দুই ধারা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কয়েক মাস ধরেই গভীর মতবিরোধ চলছে। বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল, অ্যাক্সিওস এবং ওয়াশিংটন পোস্টের মতো সংবাদমাধ্যমগুলোতে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রশাসনের ভেতরে এই বিরোধের মূলে রয়েছে নির্বাচনের ফলাফল এবং যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগের বিষয়টি।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ব্যক্তিগত আলোচনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তার মতে, ইরান ইস্যুতে নেতানিয়াহু প্রতিটি ক্ষেত্রে ভুল করছেন। ভ্যান্সের দৃঢ় বিশ্বাস, ইরান যুদ্ধ ভোটারদের কাছে ব্যাপক অজনপ্রিয় হয়ে উঠেছে, যা রিপাবলিকান পার্টির জন্য নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পথ তৈরি করেছে। নির্বাচনের পর ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছেন, এই যুদ্ধের কারণেই তারা হেরেছেন। তার মতে, ইরানের সঙ্গে বিরোধ, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং বর্তমান পররাষ্ট্রনীতির প্রতি অসন্তোষের কারণে ২০২৪ সালে ট্রাম্পকে সমর্থন দেওয়া অনেক ভোটার এবার দলটির পক্ষ ত্যাগ করেছেন।
হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক বৈঠকে যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন শীর্ষ কর্মকর্তারা। সেখানে সতর্কতা দেওয়া হয়েছিল যে, ভোটের আগে ইরানে সামরিক হামলার বিষয়টি জানাজানি হলে দলের প্রার্থীদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। যদিও সীমিত পরিসরে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক সরঞ্জামে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, তবে সেসব ঘটনা খুব একটা প্রকাশ্যে আনা হয়নি।
প্রশাসনের ভেতরে নীতির এই ভিন্নতা স্পষ্ট। একদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক সমাধানের পক্ষপাতী। এদিকে, নেতানিয়াহু নির্বাচনের আগেই ইরানে বড় ধরনের সামরিক অভিযানের জন্য ট্রাম্পকে বারবার চাপ দিয়ে আসছিলেন। যদিও ট্রাম্প সেই সময়ে পূর্ণ মাত্রায় হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তবুও মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ও মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি এখনো জারি রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ইরান নীতি নির্ধারণে ট্রাম্পের সামনে এখন তিনটি প্রধান পথ খোলা রয়েছে। প্রথমত, নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত শুরু করা; দ্বিতীয়ত, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো; অথবা তৃতীয়ত, নৌ অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখা। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার একটি খসড়া তৈরির কাজ চলছে। তবে প্রশাসনের ভেতরে শক্তিশালী একটি পক্ষ অর্থনৈতিক অবরোধ ও চাপ বজায় রাখার পক্ষে অটল। সব মিলিয়ে সামরিক কৌশল ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে ট্রাম্প এখন বেশ কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। খোদ ট্রাম্প নিজেও যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন, যদিও তিনি ইরানকে পরমাণু শক্তি অর্জন থেকে বিরত রাখতে সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছেন।