মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে গত চার বছরে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জুলফিকার রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে এলাকায় যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ সরকারি সেবা কার্যক্রমে অগ্রগতি হয়েছে বলে দাবি তাদের। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত চার বছরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও কালভার্ট মেরামতের কাজ করা হয়েছে।
পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। একসময় সামান্য বৃষ্টিতেই যেসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো, বর্তমানে সেসব এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ ও টিসিবির পণ্যসহ বিভিন্ন সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও চেয়ারম্যানের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং নাগরিক সেবা প্রদানে চেয়ারম্যানের আন্তরিকতা এলাকায় তাঁর প্রতি জনসমর্থন বাড়িয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গত চার বছরে ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি পর্যন্ত অনেক পরিবর্তন এসেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তারা জুলফিকার রহমানকেই আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান। এদিকে এলাকাবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান চেয়ারম্যান জুলফিকার রহমান। তিনি দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করার কথা জানিয়েছেন।
জুলফিকার রহমান বলেন, “আমি সব সময় জনগণের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। বল্লমঝাড় ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে। আগামীতেও যদি জনগণ আমার ওপর আস্থা রাখেন এবং তারা চান, তাহলে অবশ্যই আমি আবারও নির্বাচনে অংশ নেব। নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব।”
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকলে বল্লমঝাড় ইউনিয়ন আরও এগিয়ে যাবে। আর সেই উন্নয়নের দায়িত্বে বর্তমান চেয়ারম্যান জুলফিকার রহমানকেই পুনরায় দেখতে চান বলে জানিয়েছেন অনেক বাসিন্দা।