
অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর রহমতের বৃষ্টির কামনায় রাসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ অনুসরণ করে কাতারে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে কাতারজুড়ে বিভিন্ন স্থানে এই বিশেষ জামাত অনুষ্ঠিত হয়।
সকালে লুসাইল ঈদগাহ মাঠে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী হাজারো মুসল্লির সাথে এই নামাজ আদায় করেন। আমীরের সাথে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়াও শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেমসহ দেশটির মন্ত্রিসভার সদস্য, রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ জামাতে অংশ নেন।
নামাজ ও মোনাজাত শেষে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি সমবেত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করা ও মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি বলেন, অনাবৃষ্টি বা বৃষ্টিতে বিলম্ব মানুষকে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই সময়ে বেশি বেশি ইস্তিগফার ও নেক আমল করার পরামর্শ দেন তিনি।
খুতবায় পানিকে মহান আল্লাহর এক অশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেন ডা. ইয়াহিয়া বাত্তি। তিনি কাতার প্রবাসী ও স্থানীয় নাগরিকদের পানির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় রোধ ও নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।