
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের অবিচল সমর্থন ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের আনতালিয়ায় চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) শুরুর প্রাক্কালে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন যে, জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্ল্যাটফর্মে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের জোরালো ভূমিকা অত্যন্ত অপরিহার্য।
বৈঠকের বিস্তারিত তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্বের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে এই অংশীদারত্ব আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে নিয়মিত ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত জরুরি।
এর আগে, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার বৈঠকের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার চলমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।