বিশেষ প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুস সালাম সরকার (৫৮) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে তার নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির শয়নকক্ষ থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। গ্রেপ্তার আব্দুস সালাম সরকার ওই গ্রামের মৃত মোজা সরকারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।