
তুরস্কের আনতালিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এর সাইডলাইনে বিশ্বনেতাদের সাথে নানা আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিষয়টি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন। প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তাঁর এই গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, কপ৩১ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করছেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। বিশেষ করে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান।
এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান, কুয়েত ও মলদোভার প্রধানমন্ত্রীর সাথেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সাথেও তাঁর সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, অনেক বিশ্বনেতাই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে।
বৈঠকগুলোর বিস্তারিত তুলে ধরে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রাজিলের প্রেসিডেন্ট ও মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট পুনর্গঠন, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশের সহায়তা চেয়েছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ওআইসি মহাসচিবের সাথে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজ করার মতো বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে।
অন্যদিকে, চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা করেছে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়ে বাংলাদেশ সরকার জানিয়েছে, এর টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টা জরুরি।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘ শান্তিরক্ষী অভিজ্ঞতাকে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশ এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে আগ্রহী।
এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও কপ৩১ সম্মেলনে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি পরিকল্পনা এবং প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৃহস্পতিবার সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রাধিকারগুলো বিশ্বমঞ্চে পেশ করা হবে। সংবাদ সম্মেলনে এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।