
আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান সংশয়ের মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সমন্বয় ও কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে কুয়েতে একটি নতুন যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। দ্য মিডেল ইস্ট আই-এর তথ্য অনুযায়ী, এই উদ্যোগ জিসিসির সম্মিলিত নিরাপত্তা কাঠামোকে নতুন মাত্রা দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে।
জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রস্তাবিত এই কমান্ড কেন্দ্রে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে। তবে নিরাপত্তার খাতিরে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি। ২০০০ সালে ছয়টি উপসাগরীয় দেশের এই জোট একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল, যার মূল ভিত্তি ছিল ‘এক সদস্যের ওপর হামলা সবার ওপর হামলা’। তবে ন্যাটো জোটের মতো এই চুক্তির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনেক দিন ধরেই বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, অতীতে বিভিন্ন সংকটে জিসিসি কার্যকর সাড়া দিতে ব্যর্থ হয়েছে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস আলোচকদের ওপর ইসরায়েলি হামলা কিংবা সৌদি আরবের ওপর হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় জোটের পক্ষ থেকে জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি। এছাড়া ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে ইরান ও ইরাকি মিলিশিয়াদের হামলার মুখে কুয়েত সবসময়ই বিশেষ ঝুঁকিতে থাকে। দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যা এই অঞ্চলের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এছাড়া ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা থাকা সত্ত্বেও এগুলো ইরান ও তার মিত্রদের রোষানল থেকে রেহাই পায়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি।
দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল নিরাপত্তার যে বলয় ছিল, তা বর্তমানে প্রশ্নের মুখে পড়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানে সরাসরি হামলা না চালানোর অনুরোধ জানালেও যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। এর প্রতিক্রিয়ায় ইরান সরাসরি মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা চালায়, যা উপসাগরীয় দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনাদের উপস্থিতি উল্টো তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এমতাবস্থায় সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি সক্রিয় করা এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমে নিরাপত্তার জন্য বিকল্প উৎসের দিকে ঝুঁকছে।