উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। তিনি রাজুপুর কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। জানা যায়,শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুন্নু লোহাগড়ার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। বর্তমানে গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। এর গত ৯ মে সকালে বাইসাইকেলে চুন্নু মোল্যা লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ওই এলাকার মুছা বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তাকে (চুন্নু) ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চুন্নু গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। লাইফ সাপোর্টে থাকার পর শনিবার গভীর রাতে তিনি মারা যান। ভুক্তভোগীসহ বিভিন্ন পেশার মানুষ জানান, সড়কগুলোতে দ্রুতগতির মোটরসাইকেল স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এলাকার সুধীমহল বলেছেন,উঠতি বয়সের তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মানুষের জীবনহানি ঘটাচ্ছে প্রতিনিয়ত।প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।