
বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেনারেল হাসপাতাল নীলফামারী।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার (৩রা ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত হচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবি না মানে, তাহলে আগামীকাল (৪ ডিসেম্বর) কমপ্লিট শাট-ডাউন পূর্ণকর্মদিবস পালন করা হবে।
এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, নুরুজ্জামান সরকার(মেডিকেল টেকনোলজিস্ট রেডিও লজী এন্ড ইমেজিং), আতিকুর রহমান(ফার্মাসিস্ট), মেহেদী হাসান(মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব:), মোনায়েম খান(ফার্মাসিস্ট), নিশাত রায়হান(মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব:), মোশাররফ হোসেন(মেডিকেল টেকনোলজিস্ট ব্লড ব্যাংক), মোঃ আবু সাইদ(মেডিকেল টেকনোলজিস্ট রেডিও লজী এন্ড ইমেজিং) প্রমূখ।