
ওমানে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু এবং বিদ্যমান পারমিট নবায়নের প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের পক্ষ থেকে করা নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করায় বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে এই বয়সসীমার প্রবাসীদের ওয়ার্ক পারমিট প্রদানের সুযোগ আর নেই।
দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ প্রবাসীরা এই নতুন সিদ্ধান্তে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে ৬০ বছর পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল। বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে দেশটির শ্রমবাজার নীতিতে বড় ধরনের পরিবর্তন এল। যদিও ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি এখনো সচল রয়েছে, তবে সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি।