
রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় মেহেরপুরের গাংনীর বাসিন্দা মো. আলাল হোসেন রাজু নামে আরও এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত এই কমপ্লেক্সে ঘটা দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। অনেক মরদেহের অবস্থা এমন যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, যার ফলে নিখোঁজ আলাল হোসেনের অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিস্ফোরণে আহত সাতজন বাংলাদেশি শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মস্কোয় পৌঁছানোর পর আহতদের চিকিৎসার সার্বিক বিষয়টি বাংলাদেশ দূতাবাস সরাসরি তদারকি করবে বলে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে মস্কোয় বাংলাদেশ দূতাবাস ২৪ ঘণ্টার একটি হটলাইন চালু করেছে। যেকোনো তথ্যের জন্য দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি (+৭৯১৬২৩২৩০১৫) অথবা শ্রম কল্যাণ উইংয়ের ফার্স্ট সেক্রেটারি (+৭৯৮৯১১৩৯১৬৯) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান, যার পণ্য রাশিয়া ও আন্তর্জাতিক বাজারে নিয়মিত সরবরাহ করা হয়।