
নানা অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলামকে অপসারনের দাবী তুলে লিখিত অভিযোগ দিয়েছে কলেজের শিক্ষক-কর্মচারীরা।
গত ১৯ নভেম্বর কলেজ পরিচালনা কমিটির সভাপতি বরাবরে ৪৯জন শিক্ষক ও কর্মচারী স্বাক্ষরিত অভিযোগ পত্রে আগামী সাতদিনের মধ্যে অধ্যক্ষকে অপসারনের দাবি জানানো হয়েছে। অভিযোগ পত্রে তারা কলেজের অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ে অযোগ্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ থেকে শুরু করে কলেজের জমি ও মূল্যবান গাছ বিক্রি, ২৮লাখ টাকার এফডিআরসহ বিভিন্ন তহবিলের ৫৫লাখ টাকা আতœসাত করা, শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড ও বর্ধিত বেতনের জন্য জোড়জবস্থি করে টাকা আদায় করা ছাড়াও বিভিন্ন চাকুরির নিয়োগ পরীক্ষায় আর্থিক চুক্তির মাধ্যমে অবৈধ সুযোগ দিয়ে কোটি টাকা উপার্জন করারও অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে। এদিকে কলেজের বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারি জানান, সাঁত দিনের মধ্যে অধ্যক্ষ শহীদুল ইসলামকে অপসারন করা না হলে কলেজে তালা ঝুলিয়ে দেয়া হবে। একটি সূত্র জানায়, শহীদুল ইসলাম জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। মশিউর রহমান ডিগ্রী কলেজে যোগদানের আগে উত্তর চওড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর আওয়ামীলীগ সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টুর সঙ্গে যোগসাজশে কয়েক কোটি টাকা বানিজ্য করারও অভিযোগ উঠেছে।
এব্যাপারে অধ্যক্ষ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তার আমলে কোন নিয়োগ দেয়া হয়নি এবং অন্যান্য অভিযোগের বিপক্ষে দালিলিক প্রমাণাদি রয়েছে।