
মাদারীপুরে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিমুল (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল (২১) বরিশালের মো: এনামুল হোসেনের ছেলে ও রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যাণ্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরে মামা মামুন বেপারীর বাড়িতে বেড়াতে আসেন শিমুল। শনিবার দুপরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। এরপর আর উঠে না আসলে খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তল্লাশি চালিয়ে উদ্ধার করে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষানিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদেন্তর জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।