
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি শাফিউল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১৩ ও র্যাব-১৪ এর যৌথ দল। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বালানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী তরুণীকেও উদ্ধার করা হয়।
শনিবার বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত শাফিউল ইসলাম দীর্ঘদিন ধরে এক তরুণীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তরুণী রাজি না হওয়ায় গত ৬ আগস্ট সকাল ১০টার দিকে শাফিউল তার সহযোগীদের নিয়ে ওই তরুণীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচারিত হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে শাফিউল ইসলামকে গ্রেফতার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত শাফিউল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফেসকা গ্রামের আব্দুর রহিমের ছেলে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।