
গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় দুটি সেমাই কারখানায় র্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
অভিযানে ‘বিসমিল্লাহ লাচ্ছা সেমাই’ কারখানা থেকে প্রায় ২০০০ কেজি রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় ১ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে ‘নুরানী ফুট’ কারখানা থেকে প্রায় ৭০ কেজি রংমিশ্রিত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তারও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১৩ এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।