
উত্তরের জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও কৃষি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এরই মধ্যে উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের তীব্রতায় প্রতিষ্ঠানটির কয়েকটি শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের টিনের চালা উড়ে যায় এবং ইটের দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। এছাড়া দরজা-জানালাও ভেঙে যায়।
এতে প্রতিষ্ঠানের আসবাবপত্র ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।
জানা গেছে, বানেশ্বর বাজারের অদূরে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক মাহবুব হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঈদের ছুটির পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা নিয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দ্রুত মেরামতের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আবার স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এলাকার সচেতন মহল আশা প্রকাশ করেছেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়ছার লিংকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সার্বিক সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন মেরামত ও পুনর্নির্মাণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুব হোসাইন জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রতিষ্ঠানটির প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।