
গাইবান্ধায় সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ী–গাইবান্ধা (আর-৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডুসহ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এ কর্মসূচির আওতায় সড়ক-মহাসড়ক, নদী ও খাল তীর, উপকূলীয় চরাঞ্চল এবং ব্যক্তিগত জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে গাছ রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিতভাবে মহাসড়কের দু’পাশে গাছ লাগানোর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।