
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পথরোধ করে মারধর, এক বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মোঃ মুরাদ মাহমুদ নামের এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় আব্দুল বারী শেখের বাড়ির দিকে যাওয়ার পথে অভিযুক্তদের বসতবাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল লোক তার পথরোধ করে। এ সময় তারা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা মুরাদ মাহমুদকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর জখম করে এবং এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। এ সময় তার কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার বৃদ্ধা মা মোছাঃ মোর্শেদা বেগমকেও হামলাকারীরা মারধর করে। অভিযোগ রয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় এবং তার পরিহিত স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার সাথে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর অভিযুক্তরা পুনরায় হামলার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবু মাজেদ তৌফিক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।