
উত্তরের তিন জেলা ঠাকুরগাও, নীলফামারী ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় নির্বাচনী জনসভায় আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। সব আয়োজন শেষ। এদিকে প্রস্তুত দেশের ৪র্থ বৃহত্তম নীলফামারী হাইস্কুল মাঠের বিশাল প্যান্ডেল। রাত পোহালেই বরণের অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী।
দু’দফায় সফর বাতিল হওয়ায় হতাশায় ভোগা নীলফামারী বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ আর চাঞ্চল্যের শেষ নেই। দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে মুখিয়ে আছেন তারা। তাকে বরণ করতে কোন কিছুরই কমতি রাখেনি জেলা বিএনপি। ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে শহর-হাইস্কুল মাঠ। শনিবার সকালে বিমান যোগে ঢাকা থেকে সরাসরি সৈয়দপুর বিমান বন্দরে নেমে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সেখান থেকে নীলফামারী হাইস্কুল মাঠের জনসভায়, দিনাজপুর জেলার বিরামপুরে অপর নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমান বন্দরে এসে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এদিকে নির্বাচনী জনসভাকে সফল করতে দিনরাত এক করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে লাখো মানুষের উপস্থিতি হবে, বলে আশাবাদ ব্যক্ত করেছেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল। উল্লেখ্য, নীলফামারী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নীলফামারী-২ (সদর) আসনে তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, তারেক রহমানের এ সফর ধানের শীষ প্রতীকের জোয়ারকে আরো বেগবান করবে। অপর দিকে নীলফামারী উন্নয়ন মঞ্চের অহ্বায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন বলেন, এলাকার উন্নয়নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কোন বিকল্প নেই।