
নীলফামারীর ডিমলায় স্থানীয়দের তৈরি ঝুঁকিপূর্ণ একটি কাঠের সেতু পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ে দুইজন আহত হয়েছেন। এ সময় সেতুটির ওপর থাকা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার এমপি অক্ষত রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সেতু পরিদর্শনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাউতারা নদীর ওপর দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো সেতু না থাকায় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদী পারাপারের সুবিধার্থে স্থানীয়রা নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য আব্দুস সাত্তার এমপি জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেতুটিতে পরিদর্শনে যান। এ সময় একসঙ্গে কয়েকজন সেতুটির ওপর উঠলে হঠাৎ এর পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে যান এবং দুইজন আহত হন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি মহোদয় সেতুটি পরিদর্শনের জন্য ওপরে উঠেছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন উঠলে অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে আহত হন।’
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, ‘সেতুটি স্থানীয়রা নিজেদের অর্থায়নে তৈরি করেছেন। এটি ঝুঁকিপূর্ণ ছিল। আজ এমপি মহোদয় পরিদর্শনে গেলে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে।’
এ বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে কাঠের সেতুটি তৈরি করেছেন। আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলাম। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে যান এবং দুইজন আহত হয়েছেন। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে সেখানে সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
স্থানীয়দের দাবি, নাউতারা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।