
পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে মো. সিরাজ শেখ (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার(১২আগস্ট) পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন-এর গঠিত রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন।
গ্রেপ্তার সিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহ আলম শেখ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা করেন। পরে আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও সংরক্ষণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শক বাপন সেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক সেবন,সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।