কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “বিতর্ক প্রতিযোগিতা-২০২৬”। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল “মোবাইল ফোন—আশীর্বাদ নাকি অভিশাপ?”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক পক্ষ মোবাইল ফোনের নানা ইতিবাচক দিক ও দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা তুলে ধরে। অপরদিকে প্রতিপক্ষ দল মোবাইল ফোনের অপব্যবহার, শিক্ষার্থীদের পড়াশোনায় এর ক্ষতিকর প্রভাব, সময়ের অপচয় এবং বিভিন্ন সামাজিক সমস্যার কথা উপস্থাপন করে। দুই দলের শিক্ষার্থীরাই নিজস্ব যুক্তি, তথ্য ও পাল্টা যুক্তির মাধ্যমে একটি দারুণ প্রাণবন্ত বিতর্ক উপহার দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলাম। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন শিক্ষক জনাব মোঃ মাসুম রানা এবং সার্বিক ফলাফল সংকলন করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব মোঃ শফিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন, সিনিয়র শিক্ষক জনাব মোঃ মফিজুর রহমান, জনাব মোঃ শফিউল আজম ও জনাব মোঃ আব্বাস আলী।
বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন মাওলানা মোঃ শাহাব উদ্দীন, সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এবং মোছাঃ জুলেখা খাতুন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের সুফল ও কুফল সম্পর্কে যুক্তিনির্ভর আলোচনার পাশাপাশি নিজেদের মেধা, আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, যুক্তিবোধ ও সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও এমন শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।