
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার এমন একটি সমাজ গড়ে তোলার চেষ্টা করছে যেখানে ধর্মবিশ্বাসের ভিন্নতার কারণে কোনো মানুষ পিছিয়ে পড়বে না, আবার কেউ অতিরিক্ত সুবিধাও ভোগ করবে না।
শুক্রবার যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি শোভাযাত্রা এবং গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, “যারা ধর্মকে পুঁজি করে সস্তা রাজনীতির নামে দেশে বিভক্তির রেখা টানতে বা সমাজে অশান্তি সৃষ্টি করতে চাইবে, তারা যে ধর্মবিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন, রাষ্ট্র ও সরকারের পাশাপাশি আমরা সামাজিকভাবেও তাদের প্রতিহত করব।”
তিনি আরও বলেন, ধর্ম বিশ্বাস ও চেতনার বিষয়; এটি কখনোই রাজনীতির মাঠে অনৈতিক সুবিধা লাভের হাতিয়ার হতে পারে না।