
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে যশোর-খুলনা মহাসড়ক ও যশোর-সাতক্ষীরা সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আসিরন বিবি এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ও নিহত আমজেদের আত্মীয় আসিরন বিবি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবিহীন বাসের চাপায় রোকেয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি মাদরাসার দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই অমিনুল ইসলাম জানিয়েছেন, দুটি দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।