
২০২৫ সালে, বিশ্বব্যাপী শান্তিপূর্ণ অবস্থা ক্রমশ ভঙ্গুর হয়ে উঠেছে। যুদ্ধ তীব্রতর হচ্ছে, সীমান্ত সংকুচিত হচ্ছে এবং শুরু হচ্ছে নতুন সংঘাত। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাষ্ট্র-ভিত্তিক সংঘাতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর শুধুমাত্র এই বছরেই তিনটি সংঘাতের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস।
অস্থিরতার মধ্যেও, কিছু দেশ নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব দরবারে নিজেদেরকে তুলে ধরেছে।
কিন্তুু, শান্তি বা নিরাপত্তা কেবল একটি পরিসংখ্যান নয়; এটি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। আর সেই ধারাবাহিকতায় বিভিন্ন সূচকের ওপর নির্ভর করে ২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্স সেসব জায়গার কথা তুলে ধরেছে, যেখানে নিরাপত্তা সংস্কৃতির অংশ।
গ্লোবাল পিস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৩তম।
বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে এই তালিকার ১১৫তম স্থানে। এছাড়া পাকিস্তান আছে ১৪৪তম স্থানে। মূল্যায়ন করা ১৬৩টি দেশের মধ্যে সবার শেষে আছে রাশিয়া।
এছাড়া এই তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে অস্ট্রিয়া এবং ৫ম স্থানে আছে সুইজারল্যান্ড।
শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে- সিঙ্গাপুর, পর্তুগাল, ডেনমার্ক, স্লোভেনিয়া এবং ফিনল্যান্ড।