
সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার :কক্সবাজারে ইকরাম হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি সাদ্দাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার আলীরজাহাল সিটি কলেজ সংলগ্ন এলাকায় মো. ইকরাম (৪০)কে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যান আসামিরা। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মাটিরতলী শিকদারপাড়া এলাকার বাসিন্দা।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, হত্যা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার : 


















