
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সোমবার রাতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া ওই একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে এক প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ভুক্তভোগী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ এবং ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়। কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন জানান, মঙ্গলবার সকালে কর্মস্থলে এসে তারা প্রধান ফটকে তালা লাগানো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় যুবদলের সহায়তায় তালা ভেঙে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান (২০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক নাবিল উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের তদন্তে ককটেল বিস্ফোরণের সম্পৃক্ততায় ওই যুবককে আইনের আওতায় আনা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রতিনিধির নাম 
























