
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক ও বিস্কুট তৈরি এবং নষ্ট ও ভাঙা ডিম ব্যবহারের অভিযোগে একটি কেক কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কেক তৈরির জন্য সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় অবস্থিত ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুর রহমান এবং মো: কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট তৈরি এবং উৎপাদিত খাদ্যসামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।
অভিযানে আরও দেখা যায়, শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত জন্মদিনের কেক তৈরিতে নিয়োজিত কর্মীরা ন্যূনতম স্বাস্থ্যবিধিও অনুসরণ করছেন না।
এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় কেক তৈরির উদ্দেশ্যে সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।