
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও আটক করা হয়।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশাটি থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা মো: সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: সিরাজুল ইসলাম বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও অটোরিকশা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।