
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হার মেনেছে সফরকারীরা। নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনদের মতো ব্যাটাররা দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন।
এমন শোচনীয় হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে ছয়টি পরিবর্তন এনেছে। দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী অলিন।
আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।