
হরমুজ প্রণালিতে থাকা সব মাইন হয় সরিয়ে ফেলা হয়েছে, নয়তো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৫ আগস্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ট্রাম্পের দাবি, মার্কিন নৌবাহিনী সফলভাবে এই মাইনগুলো অপসারণ বা ধ্বংস করেছে।
এই বিষয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে এবং পরিকল্পিত উপায়ে ধ্বংস করা হবে। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে ট্রাম্প বারবার দাবি করে আসছেন। যদিও এর আগে ইরান জানিয়েছিল যে, অনুমতি ছাড়া প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজে তারা হামলা চালিয়েছে।