
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এই নৃশংস হামলার শিকার হন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া গত সংসদ নির্বাচনে তিনি এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার পরিবারে দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের ভাষ্যমতে, বুধবার রাতে নিজ বাসা থেকে বের হওয়ার পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে ফরহাদ পাশের একটি জলাশয়ে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, ফরহাদ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় অনেকের সঙ্গে তার বিরোধ ছিল। এই বিরোধ থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফরহাদ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। ফরহাদ পুলিশকে জানিয়েছেন, বাসা থেকে বের হওয়ার পর নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে দুজন এসে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।
ওসি আরও জানান, কেন বা কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি নিশ্চিত করেছেন।