
আদালতের নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুসলিমপাড়া গ্রামে রিপন তালুকদার নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নুর নেতৃত্বে ৪ ব্যক্তির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা গেছে, ওয়ারিশ সূত্রে মেঘাই মৌজায় আরএস ৬৪৯৬ দাগে ১০ শতক জমির মালিক মুসলিমপাড়া গ্রামের শহিদুল ইসলাম তালুকদারের পুত্র রিপন তালুকদার ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে। কিন্তু রিপন তালুকদারের বসতভিটার প্রায় ৩ শতক জমি বিবাদীরা দখল করার চেষ্টা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু, তিনি সম্পর্কে রিপন তালুকদারের চাচা হয়। জমি দখলের এ চেষ্টা নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। বর্তমানে টিএম আতিকুর রহমান নান্নু গং ঝামেলা পূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এরপর ১৮ জুন/২৬ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন রিপন তালুকদার। ওই দিনই আদালত এই জমির ওপর স্থিতাবস্থা (১৪৪ ধারা) জারি করেন। কিন্তু আদালতের নির্দেশনা অবমাননা করে তিনি তার স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
বাদী রিপন তালুকদার তার মামলায় উল্লেখ করেন, জমি দখলের উদ্দেশ্যে ১৩ জুন সকাল দশটার দিকে লাঠি, ফালা, রামদা ও কাঠের বাটাম নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু ও আব্দুল্লাহ আল মামুনেরা জোর পূর্বক তার জমি বেদখল করার জন্য বাদীকে মারাতে যায়। এসময় আশপাশের লোকজন ও ঘটনার বর্ণিত সাক্ষীগন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে।
জমি দখলের বিষয়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু বলেন, জমি আমার। দখলের প্রশ্নও ওঠে না।
মামলার তদন্ত কর্মকতা কাজিপুর থানার এসআই ফজলুল করিম জানান, আদালতের ১৪৪ ধারার এই নোটিশ উভয় পক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।