
গাইবান্ধার সাঘাটায় সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিন হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মো. বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষ ও যুবকরা কারও চোখ রাঙানিকে পাত্তা দেয় না। আপনারা হাজার বার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না, কিন্তু আপনারা সেই পথেই পা দিয়েছেন।”
আয়োজকদের দাবি, গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় হামলায় সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিন নিহত হন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের শুরুতে মাওলানা মো. শাফিউল ইসলাম অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে নবোদয় শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির মো. আব্দুল হক, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির মো. আব্দুর রহিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবীর রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. নূরুন্নবী প্রধান এবং গাইবান্ধা সদর শহর আমির ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য এ.কে.এম ফেরদৌস আলম।
সমাবেশে সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইব্রাহীম হোসেন মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাদুল্লাপুর উপজেলা আমির মো. এরশাদুল হক ইমন, পলাশবাড়ী উপজেলা আমির মো. আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ উপজেলা আমির আবুল হোসেন এবং গাইবান্ধা সদর উপজেলা আমির মো. নূরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আল-কারযাভী, জেলা সেক্রেটারি মো. ফাহিম মন্ডল এবং সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাজেদুল ইসলামও বক্তব্য রাখেন।
বক্তারা সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।