
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল তাল মিসরি তৈরি ও পচা-পোকাযুক্ত মিসরি সংরক্ষণের অভিযোগে ‘পূজা মিসরি কারখানা’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিসরি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া মহানগরের বৃন্দাবন দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় ও র্যাব-১২ বগুড়ার সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য তাল মিসরি তৈরি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাতাসা ও সাদা মিসরি উৎপাদন এবং নকল মোড়কে তাল মিসরি বাজারজাতের প্রস্তুুতির প্রমাণ পাওয়া যায়। এছাড়া পচা ও পোকাযুক্ত মিসরি পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
পরে এসব অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিসরি জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।