
বগুড়া মহানগরের সড়কে যানজট নিরসনে সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযান চললেও সমাধান মিলছে না। অভিযান শেষ হওয়ার পরপরই আগের অবস্থানে ফিরছে ভ্রাম্যমাণ দোকানীরা। এসব ভ্রাম্যমাণ দোকানীদের পাশাপাশি যানজটের অন্যতম আরও একটি কারণ হলো স্টেশনরোডে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড।
ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন এই সড়ক ব্যবহারকারী মানুষ। মহানগরের তিনমাথা থেকে কাহালু, মালঞ্চা, দূর্গাপুর, আদমদীঘি, তালোড়া, কন্দুগ্রামসহ বিভিন্ন এলাকার যাত্রীরা সিএনজি ও মিনিবাসে এই সড়কে যাতায়াত করেন। এই পথে রেলস্টেশনের সামনে ও মিতালী পাম্প সংলগ্ন মার্কেটের সামনের সড়ক জুড়ে গড়ে উঠেছে দোকান, মিনি বাস-ট্রাক স্ট্যান্ড এবং যানবাহন মেরামতের ওয়ার্কসপ।