
তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং নগর এলাকায় খেলার মাঠের সংকট দূর করতে বাংলাদেশ সচিবালয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে “ঢাকাসহ দেশের সকল সিটি কর্পোরেশনে ফুটসাল (Futsal) ও খেলার মাঠের সুব্যবস্থাকরণ” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এছাড়া সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সভায় দেশের নগর এলাকাগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ ও ফুটসাল সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, স্বাভাবিক ও ক্রীড়ামুখী জীবনযাপনে উৎসাহিত করতে খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা একটি সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের প্রতিটি নগরীতে শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে খুব শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।