
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন একটি পিৎজার দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু (৪৪) নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রিসিংক্ট ৭৩ এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউতে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় রাসেল (৩৯) নামের আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তিনি তিন বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
আহত মোহাম্মদ রাসেল গণমাধ্যমকে জানান, এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি দোকানে ঢুকে কোনো কথা না বলেই সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর ঊরুতে গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। এরপর ওই ব্যক্তি ক্যাশ কাউন্টারে থাকা রাজুকে লক্ষ্য করে গুলি করলে তাঁর বুকে আঘাত লাগে। দোকানটির মালিক আবদুল জলিল জানান, রাজু তাঁর বন্ধু ছিলেন এবং তিনিই দোকানটি দেখাশোনা করতেন। যুক্তরাষ্ট্রে রাজুর কোনো আত্মীয়স্বজন না থাকায় তাঁর মরদেহ দেশে পাঠানোর জন্য কমিউনিটির সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন মালিক।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীরা।