
বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ী রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ হাসান উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ী রোডে একটি ওষুধের দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। বুধবারও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ হাসান আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।