
ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধা বা হয়রানি না করে করদাতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে ব্যবসায়ী প্রতিনিধি ও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে এক মাস পরপর দাখিলের পুরোনো ব্যবস্থা ফিরিয়ে আনার দাবির বিষয়ে অর্থমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে অনিষ্পন্ন রাজস্ব মামলা ও বিভিন্ন ইস্যুর দ্রুত সমাধানের চেষ্টা চলছে। জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা কয়েক মাসের ভ্যাট রিটার্ন নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে করা প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী।