
শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক দিনে দেশে অস্থিতিশীলতা তৈরির যে চেষ্টা লক্ষ্য করা গেছে, তার সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। তিনি স্পষ্ট করে বলেন, যারা শ্রমিকদের আন্দোলনের নাম ব্যবহার করে আইনের বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করছেন বা দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চাইছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের ওপার থেকে আসা প্ররোচনায় অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে।
আলোচনার এক পর্যায়ে সালাহউদ্দিন আহমদ পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের ‘ডিসেম্বর-ডিসেম্বর’ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস এবং এ মাসে সরকারের অনেক কর্মসূচি রয়েছে। পলাতক দণ্ডিত আসামিরা যদি দেশে ফিরে আসতে চান, তবে তারা আইনি প্রক্রিয়ায় এন্ট্রি নিতে পারেন। তাদের বিচার ও প্রাপ্য আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। কোনো পলাতক দন্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করে।
তিনি আরও যোগ করেন, পলাতক নেতাকর্মীদের ফিরিয়ে আনার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকেও নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। এক শ্রেণির মানুষ তাদের পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করতে ডিসেম্বর নিয়ে অহেতুক অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। সরকার এসব অপতৎপরতা সম্পর্কে সচেতন রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।
প্রতিনিধির নাম 

























