
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খয়বর হোসেন ও শাহিদুল আলম তোতাসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। তাঁরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পরে পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতিকালে বাধার সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ লাইন্সে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এবং গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 


















