
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালালে তা আগের চেয়ে পাঁচ গুণ বেশি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ নভেম্বর) সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আগ্রহী হলেও প্রকাশ্যে তা স্বীকার করছে না। তবে যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায়। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এমনকি দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকেও তারা নির্মূল করেছে। তিনি হুশিয়ারি দেন যে, ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন কোনো কার্যক্রম শুরু হলে যুক্তরাষ্ট্র ফের হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রয়োজনে পাহাড়ের ভেতরে লুকানো স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
উপসাগরীয় দেশগুলোর অবস্থানের বিষয়ে ট্রাম্প জানান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। ওই দিনই কাতারের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব দেশের নেতারা নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের চেয়ে বর্তমান কৌশল বজায় রাখার বিষয়েই ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন।
পররাষ্ট্রনীতির এই গুরুত্বপূর্ণ মোড়ে একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া সামরিক হুঁশিয়ারি স্পষ্ট, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার পথও খোলা রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হামলার সময়সূচি বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি থেকে বিশ্বকে রক্ষাই যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের মূল কারণ বলে মন্তব্য করেন তিনি।
প্রতিনিধির নাম 

























