
ইরানে অস্ত্রশস্ত্র, অবৈধ পণ্য এবং নিষিদ্ধ প্রযুক্তির প্রবেশ ঠেকাতে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই উদ্দেশ্যে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ইরানের ওপর আগে থেকেই চলমান নৌ অবরোধকে স্থলসীমান্ত পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে পণ্য প্রবেশ ও দেশ থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে এই নতুন বাহিনী ইতোমধ্যে পুরোদমে সক্রিয় রয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় এই নৌ ও স্থল অবরোধের ফলে ইরানের পক্ষে পণ্য আদান-প্রদান করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে বলেও তিনি দাবি করেছেন।
এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের বিষয়টি নিশ্চিত করে। আট মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আরও জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত বাড়ানোর সক্ষমতাকে ব্যাপকভাবে সীমিত করবে। বিশেষ করে কাস্পিয়ান সাগর এবং স্থলসীমান্ত দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি ও অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই তাদের মূল লক্ষ্য। সেন্টকমের দাবি অনুযায়ী, মার্কিন নৌ অবরোধের প্রভাবে ইরানের বন্দরগুলোতে এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।
তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ব্যর্থ ও অকার্যকর বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, নানা নামে ও নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতিকে ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য পূরণ করা ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। মোহেবির মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক যোগাযোগ ও যাতায়াতের পথ বন্ধ করার মতো ক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই।
প্রতিনিধির নাম 
























