
ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা কেবল মানুষকে হতবাকই করেনি, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারি প্রকল্পের অপব্যবহারের চিত্রও তুলে ধরেছে। জানা গেছে, হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে গিয়েছিলেন এক রোগী। কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্স কাটার গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার সোদপুরের বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে। তিনি হার্নিয়ার চিকিৎসার জন্য পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে যোগাযোগ করেন। হাসপাতাল তাকে একটি নার্সিংহোমে পাঠায়, যেটি একজন চিকিৎসকেরই।
ওই চিকিৎসক দাবি করেন, অস্ত্রোপচার ‘স্বাস্থ্য সাথী প্রকল্পের’ আওতায় হবে। কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পে হার্নিয়া অস্ত্রোপচারের খরচ নেই, আছে অ্যাপেনডিক্স অপসারণের খরচ।
রোগীর অভিযোগ, সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য ইচ্ছাকৃতভাবে তার অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়েছে, আসল সমস্যার চিকিৎসাই হয়নি।
অস্ত্রোপচারের কয়েকদিন পর বিশ্বজিৎ দাসের পেটে আবার ব্যথা ও ফোলাভাব দেখা দেয়। যখন তিনি আল্ট্রাসাউন্ড করান, তখন জানা যায় হার্নিয়া এখনও আছে, আর অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়েছে।